নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
নিজ হাতে চা বানিয়ে ভোটার ও কর্মীদের পান করিয়ে প্রশংসায় মজেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। প্রতিনিয়ত নিজেকে ভেঙে নিজেকে গড়ছেন। ‘আমায় একটা ভোট দাও না’ নিজের সুরে গেয়ে তরুণদের কাছে ভোট প্রার্থনা করছেন।
আরও পড়ুন: আতিকুল বানান ‘চা’; তাবিথ দেন মুয়াজ্জিনকে ‘ধাক্কা’!
চা পানের নিমন্ত্রণ জানাচ্ছেন। আবার ব্যাট হাতেও আপাদমস্তক ক্রিকেটারও বনে যাচ্ছেন। ছক্কা হাঁকিয়ে ভোটের মাঠে যেন নিজের জয়জয়াকারের কথাই জানান দিচ্ছেন। ক্ষমতাসীন দলের প্রার্থীর গণমুখী চরিত্রের বিপরীতে কী করছেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল?
উত্তর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর। নির্বাচনী প্রচারণার মাঠে তিনিও সক্রিয় থাকলেও তাঁর মূল এজেন্ডাই হয়ে দাঁড়িয়েছে ‘নালিশ’ থিউরি! আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়তই তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মাঠ গরম করার কৌশল নিয়ে এগুচ্ছেন।
ইতোপূর্বে তাঁর একটি অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে সত্যতা খুঁজে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এরপরেও নিজের অবস্থানেই ‘অটল’ তাবিথ। মঙ্গলবারও (১৪ জানুয়ারি) উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেছেন।
আবার তাবিথের বিরুদ্ধেও একটি জামে মসজিদের মুয়াজ্জিন শরফুদ্দিনের সঙ্গে দুর্ব্যবহার ও ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছে সেই মসজিদ কমিটি। এমন অভিযোগ চাওর হওয়ার পর ভোটাররা নতুন হিসাব-নিকাশ কষছেন। তাঁরা দুই প্রার্থীর মধ্যে ব্যবচ্ছেদ করছেন।
তাঁরা বলছেন, আগামীতে উত্তরের যে নগর পিতা হবেন তাকে কর্মগুণেই ভোটারদের মন জয় করতে হবে। এ হিসাবে তাবিথের চেয়ে যোজন যোজন এগিয়ে আতিকুল।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএনসিসির মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের ব্যাট হাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, আতিকুল ব্যাট হাতে প্রস্তুত। তাকে ঘিরে আছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এক তরুণ ক্রিজে বল ছুঁড়তেই অমিত দৃঢ় আতিকুল সেটিকে ছক্কায় পরিণত করে উল্লাস প্রকাশ করেন। তাঁর সেই উল্লাসের সঙ্গে ভোটের রণে মেতে উঠে তরুণ-যুবারা। আরেকটি ভিডিও দেখা যায়, ‘আমায় একটি ভোট দিন, ওরে ও বাসী, একটা ভোট তোমরা দাও না’ গলাছেড়ে গাইছেন আতিকুল।
বলছেন, ‘একসঙ্গে চা খাবো আর গাইবো, ওরে ও বাসী, আমায় একটা ভোট তোমরা দাও না।’ তরুণরা তাঁর সঙ্গে কন্ঠ মিলিয়ে বলছেন, ‘আতিক ভাই, আতিক ভাই।’
কালের আলো/এসআর/এমকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ । ৭:২৪ অপরাহ্ণ